আমল ও ইবাদত

যবানের হিফাযত ও নীরবতার মাহাত্ম (১ম অংশ)

as sumtu - Imam ibn abid dunya rh.

ইমাম ইবনে আবিদ দুনইয়া রহ. রচিত আস সুমতু ওয়া আদাবুল লিসান গ্রন্থ থেকে অনূদিত।

আমাদের অনুবাদ ও প্রকাশনা

ভূমিকা

আরও পোস্ট

যবানের হিফাজত ও নীরবতার ফযীলত—ইসলামী আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের এক অনন্য নির্দেশনা। মানুষের জিহ্বা যেমন জান্নাতের পথে নিয়ে যেতে পারে, তেমনি অসতর্ক বাক্য জাহান্নামের কারণও হতে পারে। এই বাস্তবতা সামনে রেখে রচিত বিখ্যাত গ্রন্থ আস সুমতু ওয়া আদাবুল লিসান, যেখানে নীরবতার মর্যাদা, সংযত বাক্য, ও জিহ্বার আদব নিয়ে কুরআন–হাদীস ও সালাফদের মূল্যবান বাণী সংকলিত হয়েছে।
গ্রন্থটির রচয়িতা প্রখ্যাত মুহাদ্দিস ও ইসলামি চিন্তাবিদ ইবনে আবিদ দুনিয়া—যিনি মুসলিম উম্মাহকে নৈতিক পরিশুদ্ধতার পথে আহ্বান জানাতে বহু গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন।
এই বইয়ে আপনি জানতে পারবেন—কীভাবে কথা বলার আগে চিন্তা করা, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা এবং নীরবতা অবলম্বন করা একজন মুমিনের ঈমান ও আমলকে সুন্দর করে তোলে। যারা আত্মশুদ্ধি, ইসলামী আদব-আখলাক এবং যবানের হিফাজত বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে চান—তাদের জন্য এটি এক অপরিহার্য পাঠ।

Table of Contents

بَابُ حِفْظِ اللِّسَانِ وَفَضْلِ الصَّمْت

যবানের হিফাজত ও নীরবতার ফযীলত

আল্লাহর প্রতি ইমান আনা ও এর উপর অবিচল থাকা

١ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي عَنِ الْإِسْلَامِ بِأَمْرٍ لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ، قَالَ: ” قُلْ: آمَنْتُ بِاللَّهِ ثُمَّ اسْتَقِمْ “، قُلْتُ: فَمَا أَتَّقِي؟ فَأَوْمَأَ بِيَدِهِ إِلَى لِسَانِهِ
১.হযরত আব্দুল্লাহ ইবনে সুফিয়ান তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে ইসলামের ব্যাপারে এমন কিছু বলুন যে, এরপর আর আমাকে আর কাউকে কিছু জিজ্ঞাসা করতে না হয়। তিনি (সা) বললেন,
قُلْ: آمَنْتُ بِاللَّهِ ثُمَّ اسْتَقِمْ
বল, আমি আল্লাহর উপর ইমান আনলাম অতঃপর এর উপর অবিচল থাক।
আমি আরয করলাম আমি কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করব? তিনি (সা) তার হাত দ্বারা যবানের দিকে ইশারা করলেন।

নাজাতের উপায়

٢ – قَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا النَّجَاةُ؟ قَالَ: «أَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلَى خَطِيئَتِكَ»
২.হযরত উকবাহ ইবনে আমের (রা) বর্ণনা করেন। তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! নাজাত কিসে? তিনি (সা) ইরশাদ করলেন, নিজের যবানকে সংযত রাখ। তোমার ঘরকে (নেককাজের দ্বারা) প্রশস্ত রাখ এবং নিজের গুনাহর জন্য কাঁদ।

যে ব্যক্তি দুটি বিষয়ের নিরাপত্তা দিবে

٣ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَوَكَّلْ لِي بِمَا بَيْنَ لَحْيَيْهِ وَرِجْلَيْهِ أَتَوَكَّلُ لَهُ بِالْجَنَّةِ»
৩.হযরত সাহল বিন সাদ আস সায়িদী (রা) বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন- যে ব্যক্তি আমাকে তার উভয় চোয়ালের মধ্যবর্তী অঙ্গ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গের ব্যপারে নিশ্চয়তা দিবে তবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব।

জান্নাত অথবা জাহান্নামে বেশী যাওয়ার কারণ

٤ – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ؟ قَالَ: «تَقْوَى اللَّهِ، وَحُسْنُ الْخُلُقِ» ، وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، قَالَ: ” الْأَجْوَفَانِ: الْفَمُ وَالْفَرْجُ ”
৪.হযরত আবু হুরারয়রা (রা) বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হল কোন আমলের কারণে মানুষ বেশী জান্নাতে যাবে? তিনি (সা) বললেন, তাকওয়া (আল্লাহর আনুগত্য) এবং উত্তম চরিত্র।

এরপর জিজ্ঞাসা করা হল, কোন কাজের কারণে মানুষ বেশী জাহান্নামে যাবে? তিনি ইরশাদ করলেন, মধ্যবর্তী দুটি বিষয়ের কারণে- মুখ ও লজ্জাস্থান।

হাত ও যবানের নিরাপত্তা

٥ – حَدَّثَنِي أَسْوَدُ بْنُ أَصْرَمَ الْمُحَارِبِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ: أَوْصِنِي يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَتَمْلِكُ يَدَكَ؟» قَالَ: قُلْتُ: فَمَا أَمْلِكُ إِذَا لَمْ أَمْلِكْ يَدِي؟ قَالَ: «أَتَمْلِكُ لِسَانَكَ؟» قَالَ: فَمَا أَمْلِكُ إِذَا لَمْ أَمْلِكْ لِسَانِي؟ قَالَ: «فَلَا تَبْسُطْ يَدَكَ إِلَّا إِلَى خَيْرٍ، وَلَا تَقُلْ بِلِسَانِكَ إِلَّا مَعْرُوفًا»

৫.হযরত আসওয়াদ বিন আসরাম আল মুহারিবী (রা) বর্ণনা করেন। তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে নসীহত করুন। তিনি বললেন, তুমি কি তোমার হাতের উপর নিয়ন্ত্রণ রাখ? আমি বললাম, যদি আমি আমার হাতের উপর নিয়ন্ত্রণ রাখতে না পরি তবে আর কিসের উপর নিয়ন্ত্রণ রাখব?

তিনি (সা) বললেন, তুমি কি তোমার যবানকে নিয়ন্ত্রণে রাখ? আমি বললাম, যদি আমি আমার যবানকে নিয়ন্ত্রণে রাখতে না পরি তবে আর কিসের উপর নিয়ন্ত্রণ রাখব?

তিনি (সা) বললেন, (তবে) তোমার হাত ভাল কাজের দিকে বাড়িও আর তোমার যবান দ্বারা ভাল কথা ব্যতীত আর কিছু বলো না।

যবানের কারণেই মানুষ জাহান্নামে যায়

٦ – عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنُؤَاخَذُ بِمَا نَقُولُ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا ابْنَ جَبَلٍ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى مَنَاخِرِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟» قَالَ حَبِيبٌ فِي هَذَا الْحَدِيثِ: «وَهَلْ تَقُولُ شَيْئًا إِلَّا لَكَ أَوْ عَلَيْكَ»

৬.হযরত মুআয ইবনে জাবাল (রা) বর্ণনা করেন। তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা যা কিছু বলি তার জন্যও কি আমাদেরকে পাকরাও করা হবে? তিনি (সা) বললেন, হে ইবনে জাবাল, তোমার মা তোমার জন্য ক্রন্দন করুক! মানুষ তার যবানের কারণেই তো অধোঃমুখি হয়ে জাহান্নামে প্রবেশ করবে।

হাদীসের বর্ণনাকারী হাবীব বলেন, এই হাদীসে এটাও আছে যে, আর তুমি যে কথাই বল সেটা হয়তো তোমার জন্য উপকারী হবে অথবা ক্ষতিকর।

নবী (সা) এর ভয়

٧ – عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ. قَالَ: ” قُلْ: رَبِّيَ اللَّهُ ثُمَّ اسْتَقِمْ “. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ؟ فَأَخَذَ بِلِسَانِهِ ثُمَّ قَالَ: «هَذَا»
৭.হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফী (রা) বর্ণনা করেন। আমি আরয করলাম, ইয়া রাসূল্লাল্লাহ! আমাকে এমন কিছু আমল বলুন, যার উপর নিয়মিত আমল করতে পারি। তিনি (সা) বললেন- বল. আমার প্রতিপালক আল্লাহ এবং এর উপর দৃঢ় থাক।

আমি আরয করলাম, ইয়া রাসূল্লাহ! আমার ব্যাপারে আপনি কোন বিষয়টি বেশী ভয় করেন? নবী (সা) তার পবিত্র যবান ধরে বললেন, এটার।

কোন আমল উত্তম?

٨ – حَدَّثَنِي ابْنُ غَنْمٍ: أَنَّ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ «فَأَخْرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِسَانَهُ، ثُمَّ وَضَعَ عَلَيْهِ أُصْبُعَيْهِ»
৮.হযরত ইবনে গানম (রহ) বর্ণনা করেন। হযরত মুআয ইবনে জাবাল (রা) আরয করলেন, হে আল্লাহর রাসূল (সা) কোন আমল উত্তম? তখন রাসূলুল্লাহ (সা) নিজের পবিত্র যবান বের করে এর উপর দুই আঙ্গুল রেখে দিলেন (অর্থাৎ যবানকে সংযত রাখা)।

যে পর্যন্ত যবান ঠিক না হবে

٩ – عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَسْتَقِيمُ إِيمَانُ عَبْدٍ حَتَّى يَسْتَقِيمَ قَلْبُهُ، وَلَا يَسْتَقِيمُ قَلْبُهُ حَتَّى يَسْتَقِيمَ لِسَانُهُ، وَلَا يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»
৯.হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, কোন বান্দার ইমান ঠিক হবে না, যে পর্যন্ত না তার অন্তর ঠিক হবে। তার অন্তর ঠিক হবে না যে পর্যন্ত না তার যবান ঠিক হবে। আর ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়।

যে চুপ থাকলো

١٠ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «مَنْ صَمَتَ نَجَا»
১০.হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, যে চুপ থাকল সে সে নাজাত পেল।

যে ব্যক্তি নিরাপত্তা চায়

١١ –  عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَسْلَمَ فَلْيَلْزَمِ الصَّمْتَ»
১১.হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, যে ব্যক্তি নিরপত্তা চায় সে যেন নিরবতাকে আবশ্যক করে নেয়।

যবানের নিকট অঙ্গ প্রত্যঙ্গের আরয

١٢ – عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ، أُرَاهُ رَفَعَهُ قَالَ: ” إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ أَصْبَحَتِ الْأَعْضَاءُ كُلُّهَا تُكَفِّرُ اللِّسَانَ تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا ”
১২.হযরত সাঈদ ইবনে জুবায়র (রহ) হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন এবং বলেন, আমার ধারণা তিনি এটা রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেছেন যে- যখন মানুষ ভোর উঠে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার নিকট অনুনয় বিনয় করে বলে, আমাদের কার্যাবলীর ব্যাপারে আল্লাহকে ভয় কর কেননা আমাদের কার্যাবলী তোমার সাথে সম্পৃক্ত। যদি তুমি ঠিক থাক তবে আমরাও ঠিক থাকব। আর যদি তুমি বিগড়ে যাও তবে আমরাও বিগড়ে যাব।

আবু বকর (রা) এর জিহ্বার প্রতি সতর্কতা

١٣ – عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ اطَّلَعَ عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهُو يَمُدُّ لِسَانَهُ فَقَالَ: مَا تَصْنَعُ يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ؟ فَقَالَ: إِنَّ هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ شَيْءٌ مِنَ الْجَسَدِ إِلَّا يَشْكُو إِلَى اللَّهِ اللِّسَانَ عَلَى حِدَّتِهِ»
১৩.হযরত যায়দ বিন আসলাম তার পিতা থেকে বর্ণনা করেন। হযরত উমর (রা) দেখলেন যে, হযরত আবু বকর সিদ্দীক (রা) তার জিহ্বা ধরে টানছেন। তখন উমর (রা) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলের খলীফা! আপনি কি করছেন? তিনি বললেন, এই যবান আমাকে ধ্বংসের স্থানে নিয়ে পৌঁছিয়েছে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন-শরীরের প্রতিটি অঙ্গ যবানের তীক্ষ্ণতার ব্যাপারে অভিযোগ করে।

١٤ – عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ خُنَيْسٍ، قَالَ: دَخَلْنَا عَلَى سُفْيَانَ الثَّوْرِيِّ نَعُودُهُ، فَدَخَلَ عَلَيْهِ سَعِيدُ بْنُ حَسَّانَ، فَقَالَ سُفْيَانُ: الْحَدِيثُ الَّذِي حَدَّثْتَنِي بِهِ عَنْ أُمِّ صَالِحٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ كَلَامِ ابْنِ آدَمَ هُوَ عَلَيْهِ إِلَّا أَمْرًا بِمَعْرُوفٍ، أَوْ نَهْيًا عَنْ مُنْكَرٍ، أَوْ ذِكْرًا لِلَّهِ» قَالَ: فَقَالَ رَجُلٌ: مَا أَشَدَّ هَذَا الْحَدِيثَ. قَالَ: فَقَالَ سُفْيَانُ: ” وَأَيْنَ شِدَّتُهُ؟ أَلَيْسَ يَقُولُ: {يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَقَالَ صَوَابًا} [النبأ: ٣٨] ؟ أَلَيْسَ يَقُولُ اللَّهُ: {لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ} [النساء: ١١٤] إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ؟ أَلَيْسَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَقُولُ: {وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ حَتَّى إِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ} [سبأ: ٢٣] ”
১৪. মুহাম্মদ ইবনে ইয়াযিদ বিন হুনায়স বলেন, আমরা সুফিয়ান সাওরী (রহ) এর অসুস্থতায় তাকে দেখতে গেলাম। এমন সময় সাঈদ ইবনে হাসান (রহ) তার নিকট আসেন। সুফিয়ান সাওরী (রহ) বলেন, ঐ হাদীস যা আমাকে উম্মু সালিহ সুফিয়াহ বিনতে শায়বাহর সূত্রে বর্ণনা করেছেন আর সুফিয়াহ হযরত উম্মে হাবীবা (রা) থেকে বর্ণনা করেছেন যে, নবী (সা) ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রতিটি কথা তার জন্য ক্ষতির কারণ হবে, তবে শুধুমাত্র নেক কাজের আদেশ, অসৎকাজে নিষেধ এবং আল্লাহর যিকির ব্যতীত। এক ব্যক্তি বলল, এই হাদীস কত কঠিন। সুফিয়ান সাওরী (রহ) বললেন, এর মধ্যে কি কঠিন দেখলে? তুমি কি আল্লাহর বণী শোননি?

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَقَالَ صَوَابًا
সেদিন রূহ ও ফেরেশতাগণ সারবিদ্ধভাবে দাড়াবে, দয়াময় যাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যরা কথা বলবে না এবং সে যথার্থ কথা বলবে।-সূরা নাবা ৩৮

তুমি কি আরো শোননি আল্লাহরিএই বানী?

لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ
তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোন কল্যাণ নেই। তবে কল্যাণ আছে, যে নির্দেশ দেয় সাদকার, নেককাজের অথবা মানুষের মধ্যে শান্তি স্থাপনের।– সূরা নিসা ১১৪

তুমি কি আরো শোননি আল্লাহর এই বানী?

وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ حَتَّى إِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ
যাকে অনুমতি দেয়া হবে সে ব্যতীত আর কোরো সুপরিশ ফলপ্রসু হবে না। পরে যখন তাদের অন্তর হতে ভয় বিদুরিত হবে তখন উহারা পরস্পরের মধ্যেও জিজ্ঞাসাবাদ করবে তোমাদের প্রতিপালক কি বললেন? তার উত্তরে তারা বলবে যা সত্য তিনি তাই বলেছেন। তিনি সমুচ্চ মহান।- সূরা সাবা ২৩

সুসংবাদ তার জন্য

١٥ – عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ قَالَ: ” قَالَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ: طُوبَى عَلَى مَنْ بَكَى عَلَى خَطِيئَتِهِ، وَخَزَنَ لِسَانَهُ، وَوَسِعَهُ بَيْتُهُ ”
১৫.হযরত সালিম ইবনে আব্দুল জাদ বলেন, ইসা (আ) বলেছেন-
طُوبَى عَلَى مَنْ بَكَى عَلَى خَطِيئَتِهِ، وَخَزَنَ لِسَانَهُ، وَوَسِعَهُ بَيْتُهُ
সুসংবাদ ঔ ব্যক্তির জন্য যে তার গুনাহর জন্য কেঁদেছে, তার যবানকে সংরক্ষণ করেছে এবং তার ঘর প্রশস্ত হয়েছে।

রসনা সংযম

١٦ – عَنْ عَنْبَسِ بْنِ عُقْبَةَ التَّيْمِيِّ قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: ” وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ مَا عَلَى الْأَرْضِ شَيْءٌ أَفْقَرَ – وَقَالَ أَبُو مُعَاوِيَةَ: أَحْوَجَ – إِلَى طُولِ سِجْنٍ مِنْ لِسَانٍ ”
১৬. হযরত ইবনে মাসউদ (রা) বলেন, ঐ সত্তার শপথ! যিনি ব্যতীত কোন মাবুদ নেই, এই পৃথিবীতে জিহ্বার চেয়ে বেশি কারাবাসের প্রয়োজনীয় আর কিছু নেই।
অন্য বর্ণনায় এসেছে: জিহ্বার চেয়ে বেশি নিয়ন্ত্রণের দরকার আর কিছুর নেই।

মানুষ যে পর্যন্ত মুত্তাকী হয় না

١٧ – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «لَا يَتَّقِي اللَّهَ عَزَّ وَجَلَّ رَجُلٌ أَوْ أَحَدٌ حَقَّ تُقَاتِهِ حَتَّى يَخْزِنَ مِنْ لِسَانِهِ»
১৭.হযরত আনাস (রা) বর্ণনা করেন। তিনি বলেন, কোন ব্যক্তি সে পর্যন্ত প্রকৃত মুত্তকী হয় না যে পর্যন্ত না সে তার রসনা সংযত করে।

ইবনে মাসউদ (রা) এর কর্ম

١٨ – عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ كَانَ عَلَى الصَّفَا يُلَبِّي وَيَقُولُ: يَا لِسَانُ، قُلْ خَيْرًا تَغْنَمْ، أَوْ أَنْصِتْ تَسْلَمْ، مِنْ قَبْلِ أَنْ تَنْدَمَ، قَالُوا: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، هَذَا شَيْءٌ تَقُولُهُ، أَوْ شَيْءٌ سَمِعْتَهُ؟ قَالَ: لَا، بَلُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَكْثَرَ خَطَايَا ابْنِ آدَمَ فِي لِسَانِهِ»
১৮.হযরত শাকীক (রহ) হযরত ইবনে মাসউদ (রা) এর ব্যপারে বলেন যে, ইবনে মাসউদ (রা) সাফার উপর তালবিয়া পড়ছিলেন এবং বলছিলেন, হে যবান ভাল কথা বল তাহলে লাভবান হবে অথবা চুপ থাক তাহলে নিরাপদ থাকবে এর পূর্বে যে, এর কারণে লজ্জিত হবে। সাথিরা বলল, এটা কি আপনি নিজের পক্ষ থেকে বলছেন, নাকি আপনি শুনেছেন? তিনি বলেন, না, বরং আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, আদম সন্তানের অধিকাংশ গুনাহ তার যবান দ্বারা হয়ে থাকে।

আবু বকর (রা) এর আমল

١٩ – عَنْ قَيْسٍ قَالَ: رَأَيْتُ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ آخِذًا بِطَرَفِ لِسَانِهِ وَهُوَ يَقُولُ: «هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ»
১৯. হযরত কায়স (রহ) বর্ণনা করেন। তিনি বলেন, আমি দেখলাম যে আবু বকর (রা) তার যবান ধরলেন এবং বললেন, এই যবান আমাকে ধ্বংসের স্থানে নিয়ে পৌঁছিয়েছে।

٢٠ – عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَخَذَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ لِسَانَهُ وَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَرَّ مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ دَخَلَ الْجَنَّةَ»

২০. হযরত যায়দ ইবনে আসলাম (রহ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন:
আবু বকর সিদ্দীক (রা) নিজের জিহ্বা ধরে বললেন- মুহাম্মাদ ﷺ বলেছেন, যাকে আল্লাহ তাআলা তার দুই চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দুই পায়ের মাঝের বস্তু (লজ্জাস্থান)-এর অনিষ্ট থেকে রক্ষা করবেন—সে জান্নাতে প্রবেশ করবে।

আল্লাহ যার দোষ ত্রুটি গোপন রাখবেন

٢١ – عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَفَّ لِسَانَهُ سَتَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَوْرَتَهُ، وَمَنْ مَلَكَ غَضَبَهُ وَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَذَابَهُ، وَمَنِ اعْتَذَرَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ قَبِلَ عُذْرَهُ»
২১. হযরত আব্দুল্লাহ ইবন উমর (র) বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, যে ব্যক্তি তার যবানকে আয়ত্বে রাখবে আল্লাহ তার দোষ-ত্রুটি গোপন রাখেন। যে তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখবে, আল্লাহ তাআলা তাকে তার আযাব থেকে নিরাপদ রাখবেন। আর যে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন।
রাসূলের উপদেশ

٢٢ – عَنْ أَبِي سَلَمَةَ: أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَوْصِنِي. قَالَ: «اعْبُدِ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، وَاعْدُدْ نَفْسَكَ فِي الْمَوْتَى، وَإِنْ شِئْتَ أَنْبَأْتُكَ بِمَا هُوَ أَمْلَكُ بِكَ مِنْ هَذَا كُلِّهِ» قَالَ: «هَذَا» وَأَتَى بِيَدِهِ إِلَى لِسَانِهِ
২২. মু‘আয ইবনে জাবাল (রা) বলেন,
আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে উপদেশ দিন। তিনি (সা) বললেন, আল্লাহর ইবাদত কর এমনভাবে, যেন তুমি তাঁকে দেখছ।
নিজেকে মৃতদের অন্তর্ভুক্ত মনে করো।
আর চাইলে আমি তোমাকে এমন একটি বিষয় বলে দিতে পারি, যা এসব কিছুর চেয়েও তোমার উপর বেশি নিয়ন্ত্রণ রাখে।
আমি বললাম, বলুন। তখন তিনি নিজের হাত দিয়ে নিজের জিহ্বার দিকে ইশারা করে বললেন, এটি।

দীর্ঘ কারাবাস যার প্রয়োজন

٢٣ – عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «مَا شَيْءٌ أَحَقَّ بِطُولِ سِجْنٍ مِنَ اللِّسَانِ»
২৩. আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, জিহ্বার মত দীর্ঘ কারাবাসের যোগ্য আর কোনো জিনিস নেই।

জিহ্বাকে আগলে রাখা

٢٤ – عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: «دَعْ مَا لَسْتَ مِنْهُ فِي شَيْءٍ، وَلَا تَنْطِقْ فِيمَا لَا يَعْنِيكَ، وَاخْزِنْ لِسَانَكَ كَمَا تَخْزِنُ وَرِقَكَ»
২৪. আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) বলেন, যে বিষয়ে তোমার কোনো সম্পর্ক নেই- তা ছেড়ে দাও।
যে বিষয়ে তোমার দায়িত্ব নেই-সে বিষয়ে কথা বলো না।
আর তোমার জিহ্বাকে আগলে রাখো, যেমন তুমি তোমার টাকা-পয়সা আগলে রাখো।

প্রকৃত মুসলিম

٢٥ – عَنِ الشَّعْبِيِّ، قَالَ: قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَعِ الْكُتُبَ؛ فَإِنِّي لَا أَعْبَأُ بِهَا شَيْئًا. فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا كَرِهَ رَبُّهُ»
২৫. শাবী (রহ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.)-কে বললাম: আপনি বই বাদ দিয়ে আমাকে সরাসরি রাসূল (সা) থেকে যা শুনেছেন, তা বলুন। তিনি বললেন—আমি রাসুলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি—
প্রকৃত মুসলিম সে- যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।
আর প্রকৃত মুহাজির সে- যে আল্লাহ যা অপছন্দ করেন, তা ছেড়ে দেয়।

যার ক্ষতি থেকে মানুষ মুক্ত

٢٦ – عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَسَبَ طَيِّبًا، وَعَمِلَ فِي سُنَّةٍ، وَأَمِنَ النَّاسُ بَوَائِقَهُ دَخَلَ الْجَنَّةَ»
২৬. আবু সাঈদ আল-খুদরী (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন—
যে ব্যক্তি হালাল উপার্জন করে, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, আর যার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে—সে জান্নাতে প্রবেশ করবে।”

সহজ ইবাদত 

٢٧ – عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَلَا أُخْبِرُكُمْ بِأَيْسَرِ الْعِبَادَةِ وَأَهْوَنِهَا عَلَى الْبَدَنِ: الصَّمْتُ وَحُسْنُ الْخُلُقِ ”
২৭ সাফওয়ান ইবনু সালীম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে সহজ ইবাদত এবং শরীরের জন্য সবচেয়ে হালকা আমল বলে দেব? তা হলো—চুপ থাকা (অপ্রয়োজনীয় কথা না বলা) এবং সুন্দর চরিত্র।

[সহজ কথায়
কম কথা বলো
ভালো ব্যবহার করো
—এই দুটোই খুব বড় ইবাদত।]

যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ

٢٨ – عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السُّوءَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»
২৮. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, মুমিন সে- যার কাছ থেকে মানুষ নিরাপদ থাকে। মুসলিম সে- যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। মুহাজির সে- যে মন্দ কাজ ছেড়ে দেয়।
আর সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।

উত্তম ইসলাম পালনকারী

٢٩ –  عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ؟ قَالَ: «مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ»
২৯. জাবির ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত— এক ব্যক্তি নবী (সা)-কে জিজ্ঞেস করল, ইসলামের কোন দিকটি সবচেয়ে উত্তম? তিনি (সা) বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে- সে-ই সবচেয়ে উত্তম ইসলাম পালন

٣٠ – عَنِ الرَّبِيعِ بْنِ خُثَيْمٍ قَالَ: «يَا بَكْرُ بْنَ مَاعِزٍ، اخْزِنْ لِسَانَكَ إِلَّا مِمَّا لَكَ وَلَا عَلَيْكَ»
৩০. রবী ইবনে খুসাইম (রহ) বলেন,
তিনি বকর বিন মাইয-কে বললেন, হে বকর! তোমার জিহ্বাকে সংরক্ষণ করে রাখো—শুধু সেই কথাই বলো, যা তোমার উপকারে আসে; ক্ষতির নয়।

[একেবারে সহজ কথা:
অকারণে কথা বলো না
শুধু ভালো ও দরকারি কথাই বলো
জিহ্বা বাঁচলে, অনেক গুনাহ থেকেও বাঁচা যায়। ]

🔸🔸🔸

আরও পড়ুন ইমানের হাকীকত, কানযুল উম্মাল-শায়খ আলী মুত্তাকী (রহ)

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!